পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চান।
তিনি বলেন, “মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদারদেরও ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর স্লোগান—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাইকে নিয়েই দেশ গড়তে হবে।”
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর ও দাসেরবাজার ইউনিয়ন এবং বড়লেখা পৌরসভাসহ বিভিন্ন এলাকার দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর নিরাপত্তার খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শুনে উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বিএনপি নেতা মুজিবুর রাজা চৌধুরী, আব্দুল মইদ চৌধুরী, হারুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা ও ইউপি সদস্য আনিছ আহমদ, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী আব্দুল বাছিত সেলিম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, বিএনপি নেতা জালাল আহমদ তালাল ও সুফিয়ান তাপাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে, সোমবার রাতে সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী জুড়ী উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন ও সামছু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইছহাক আলী মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুয়েল এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহার আহমদ ওয়াসিমসহ দলীয় নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক 












