পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন, অর্থনৈতিক কূটনীতি এবং গবেষণাভিত্তিক নীতিনির্ধারণকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। তিনি বলেছেন, পররাষ্ট্রনীতি প্রণয়ন ও বাস্তবায়নে দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা এবং তথ্য ও গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণ জরুরি।
শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পরিবর্তনশীল বিশ্বে পররাষ্ট্রনীতি’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
আলোচনায় তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন প্রতিরোধ এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি পারস্পরিক সম্মান, বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক বিদ্যুৎ সংযোগ এবং অর্থনৈতিক কূটনীতিতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।
সংসদীয় কমিটির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে আস্থা ও সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে নীতি বাস্তবায়নে কার্যকর অংশীদার হিসেবে কাজ করাই কমিটির লক্ষ্য। সংসদীয় কার্যক্রমকে আরও গবেষণানির্ভর ও কার্যকর করতে বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং তরুণদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে জাতিসংঘ, আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) এবং অন্যান্য বহুপক্ষীয় প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষায় কৌশলগত দূরদর্শিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।
নিজস্ব প্রতিবেদক 





