সিলেট বিভাগের উন্নয়নে আগামী একনেক সভায় ৫ হাজার ৩২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ৯০ শতাংশ সম্পন্ন করা হবে। যেসব এলাকায় ভূমি অধিগ্রহণের কারণে কাজের গতি থমকে আছে, সেসব এলাকার অধিগ্রহণের কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে। এরপর দিন-রাত কাজ চালিয়ে প্রকল্পের অগ্রগতি বাড়ানো হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদ অধিবেশনে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে আইন পাস হয়েছে। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করা হবে। এসব সামাজিক অপরাধ দূর করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।
সিলেট বিভাগের উপজেলা পর্যায়ে এলজিইডির সড়ক সংস্কারের জন্য বড় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে সিলেটের ইতিহাসে এত বড় প্রকল্প আর আসেনি।
সমাবেশে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার এমপির সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমদ আলী মুকিব এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 











