২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তিতে এ কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব বাংলাদেশকে অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা দিয়েছে।
সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে দুই দেশের মন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
চুক্তি শেষে ধর্মবিষয়ক মন্ত্রী জানান, বাংলাদেশের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে হজের কোটা ৫ হাজার বাড়ানোর সম্মতি দেন। ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
তিনি আরও জানান, হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। তবে অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি আরব।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশকে আশ্বস্ত করে বলেছেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’
ধর্মমন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। সে হিসাবে ২০২৭ সালে বাংলাদেশের হজ কোটা বেড়েছে ৫ হাজার জন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 










