মৌলভীবাজার প্রতিনিধি:
জাকজমকপূর্ণ নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, মৌলভীবাজারের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির প্রদত্ত উদ্বোধনী বক্তব্য প্রদর্শন করা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানভির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. মুস্তাফিজুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইকবাল, এম নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত শৈশব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে শিশুদের সার্বিক বিকাশ অপরিহার্য। শিশুশ্রম, সামাজিক সহিংসতা, বাল্যবিয়ে ও বৈষম্যের মতো ব্যাধি দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি শিশুদের শিক্ষা, সুরক্ষা ও মানসিক বিকাশে রাষ্ট্রের পাশাপাশি পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ শিশু একাডেমির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করা শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মতপ্রকাশ ও সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে নিয়মিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভার মধ্য দিয়ে শিশুদের অধিকার, নিরাপদ শৈশব এবং তাদের প্রতিভা বিকাশে সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব ও করণীয় তুলে ধরা হয়।
নিজস্ব প্রতিবেদক 









