জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এরই মধ্যে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ও জোগো’র দাবি, রোনালদোর এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এতে পরিবর্তনের সম্ভাবনাও নেই।
তবে রোনালদোর বিদায়ের গুঞ্জনটি নতুন নয়। গত বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানায়, পর্তুগালের প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে টানাপোড়েনের জেরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি।
রোনালদো জানান, জাতীয় দলের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ক্যাম্প ছাড়ার পেছনের কারণ তখনই প্রকাশ করেননি তিনি।
নিজের দীর্ঘদিনের জাতীয় দলকে ঘিরে আবেগের কথাও তুলে ধরেন পর্তুগিজ অধিনায়ক। তিনি জানান, জাতীয় দলের প্রতি তার আজীবন নিবেদন ছিল এবং উপযুক্ত সময়ে ক্যাম্প ছাড়ার কারণ পর্তুগালের জনগণের সামনে নিজেই তুলে ধরবেন।
পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন, ‘এখন পর্তুগাল দল এবং আমার সব সতীর্থদের (কোনো ব্যতিক্রম ছাড়াই) শুভকামনা জানানোর সময় এসেছে।’
নিজস্ব প্রতিবেদক 











