সরকার প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়েছে। তবে সরকার নির্ধারিত এই হার মৌলভীবাজারে মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা যায়, মৌলভীবাজার থেকে ঢাকা বাসভাড়া ৫৮০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়েছে। এসি বাসের ভাড়া বাড়ানো হয়েছে ১০০ টাকা। অথচ মৌলভীবাজার থেকে ঢাকার দূরত্ব হচ্ছে প্রায় ২০০ কিলোমিটার। সেখানে সরকারি নিয়ম অনুযায়ী ৩৪ টাকা ভাড়া বাড়ানোর কথা থাকলেও ৮০ টাকা বাড়ানো হয়েছে।
আগে শ্রীমঙ্গল শহর থেকে সিলেট পর্যন্ত বাসভাড়া ছিল ১৭০ টাকা, যা এখন ৩০ টাকা বেড়ে ২০০ টাকা করা হয়েছে। এসি বাসের ভাড়া ২০০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে, যা সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সেজু আহমেদ। তিনি জাগো নিউজকে বলেন, ‘হঠাৎ করে তেলের মূল্যবৃদ্ধির পর বাসের ভাড়া বাড়ানো হয়েছে। গাড়িভাড়া বেড়ে যাওয়ার কারণে প্রতি মাসে আমার তিন হাজার টাকা বেশি খরচ হবে। অথচ আমাদের বেতন বাড়েনি। কীভাবে চাকরি করবো আর পরিবার চালাবো তা বুঝতে পারছি না।’
এ বিষয়ে মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, ‘সরকার নির্ধারিত হারে বাসের ভাড়া বাড়ানো হয়েছে। এর বাইরে মৌলভীবাজারে কেউ বেশি ভাড়া নিতে পারবেন না।’
তিনি আরও বলেন, ভাড়ার বিষয়টি দেখাশোনার জন্য দেশে আলাদা একটি বোর্ড আছে। তারা বিষয়টি দেখেন।
নিজস্ব প্রতিবেদক 











