প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানের নারিতা-ঢাকা ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
শুক্রবার (৩০ অক্টোবর) জারি করা এক অফিস আদেশে কমিটিকে চার কর্মদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিমানের অফিস আদেশ অনুযায়ী, গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে বিজি-৩৭৭ ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ ঘটনায় ফ্লাইটের বিলম্বসহ সার্বিক বিষয় খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
বিমানের পরিকল্পনা ও সময়সূচি বিভাগের প্রধানকে কমিটির আহ্বায়ক এবং আইনবিষয়ক ব্যবস্থাপককে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন প্রকৌশল উৎপাদন বিভাগের প্রধান প্রকৌশলী এবং ফ্লাইট নিরাপত্তা বিভাগের উপপ্রধান।
কমিটি কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন নির্ধারণের পাশাপাশি ত্রুটি শনাক্ত ও সমাধানে নেওয়া কারিগরি এবং পরিচালনাগত পদক্ষেপ পর্যালোচনা করবে। একই সঙ্গে উড়োজাহাজটির পরবর্তী উড্ডয়ন-যোগ্যতা নিশ্চিত করার বিষয়টিও খতিয়ে দেখা হবে।
এ ছাড়া ফ্লাইটের বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক সুনামের ওপর এ ঘটনার প্রভাব মূল্যায়ন করবে কমিটি। সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা করে কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়হীনতা বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা নির্ধারণের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও তদন্ত করা হবে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও দেবে কমিটি। বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত অফিস আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 












