মৌলভীবাজারে অস্বাস্
মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে শামস্ ফুড নামের একটি বেকারি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ইবনে ইদ্রিস। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অভিযানকালে বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পণ্য উৎপাদনের আগেই মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করে স্টিকার প্রস্তুত রাখার বিষয়টি ধরা পড়ে। শ্রমিকদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণেও গুরুতর ঘাটতি পাওয়া যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হলেও নির্দেশনা অনুসরণ করা হয়নি। পরবর্তীতে কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শাকিব হোসাইন সহযোগিতা করেন। এ সময় পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 










