মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।
অভিযান চলাকালে শহরের রোদ মিষ্টান্ন ভান্ডারে জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রো কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনে বিভিন্ন অনিয়মের দায়ে নুর ফুডস রেস্টুরেন্ট, লন্ডন রেস্টুরেন্ট, রিজিক রেস্টুরেন্ট এবং পানসী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সব মিলিয়ে ৫ প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তারা অংশ নেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমীন এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক বিনয় সিংহ।
নিজস্ব প্রতিবেদক 















