মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন রাজনগর উপজেলার মৌলভীচক গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তাক আহমদ (৫৮), হারুন মিয়ার ছেলে ইসতিয়াক আহমদ (২৭) এবং একামধু গ্রামের জহির আলীর ছেলে হাছান আলী (৩০)।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের নন্দীউড়া গ্রামে কিরীটি ভট্টাচার্য্যের বসতবাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এ সময় ১৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ২৫ অক্টোবর রাজনগর থানায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে ৬ নভেম্বর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার এবং ডাকাতিতে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত ইসতিয়াক আহমদ ও হাছান আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি রাজনগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী তদন্ত করছেন।
পুলিশ জানিয়েছে, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 










