মৌলভীবাজার প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে মৌলভীবাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক জামাল উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মুজিবুর রহমান মুজিব।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। এর মাধ্যমে দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করার পথ তৈরি হয়েছিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার দাস, পিপি আব্দুল মতিন চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ওই সময়ের রাজনৈতিক ও সামরিক অস্থিরতার প্রেক্ষাপটে সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান দেশের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। দিবসটি জাতীয় ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতির আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে।
তিনি বলেন ইতিহাসের ঘটনাপ্রবাহকে যথাযথভাবে মূল্যায়ন করা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের চেতনা তুলে ধরা প্রয়োজন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মতনির্বিশেষে জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
নিজস্ব প্রতিবেদক 











