মৌলভীবাজারের রাজনগরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় পরিচালিত এ অভিযানে এম আর বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন উপস্থিত থেকে সহযোগিতা করেন। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানের নিরাপত্তায় দায়িত্ব পালন করে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 










