আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
ইসির হালনাগাদ বিধিমালা অনুযায়ী, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, নির্বাচনী দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, বলপ্রয়োগ এবং প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বা প্রত্যাহারে বাধ্য করা শাস্তিযোগ্য অপরাধ।
নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যক্তি, অনুমোদিত গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের কাজে বাধা দেওয়া কিংবা তাঁদের ক্ষতি করলেও ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।
ভোটকেন্দ্রে বলপ্রয়োগ, ভয়ভীতি, কারসাজি বা অন্য অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত হলে সংশ্লিষ্ট কেন্দ্রের ফল স্থগিত কিংবা নির্বাচন বাতিল করে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিতে পারবে কমিশন।
সিইসি জানান, নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ। প্রচারসামগ্রী ও ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রেও আচরণবিধি অনুসরণ করতে হবে। এসব বিধান লঙ্ঘনের জন্য অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে সিইসি বলেন, ভোটাররা যাতে ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের উপস্থিতি এবং স্বচ্ছতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
ইসির ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে, ১৩ মে চতুর্থ ধাপে এবং ২৭ মে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হয়েছে। আইন অনুযায়ী, ২০২৭ সালের ২৭ মের মধ্যে এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। সাধারণত ভোটগ্রহণের ৪২ থেকে ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
নিজস্ব প্রতিবেদক 











