পাকিস্তান-বাংলাদেশ সংসদীয় বন্ধুত্ব গ্রুপের সঙ্গে নাসের রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের বৈঠক
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-শিক্ষা ও সংসদীয় সহযোগিতা নিয়ে আলোচনা
পাকিস্তান-বাংলাদেশ সংসদীয় বন্ধুত্ব গ্রুপের (পিএফজি) সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় বন্ধুত্ব গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য এম নাসের রহমান।
পাকিস্তানের এমএনএ ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরোর আহ্বায়কত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, সংসদীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো বাংলাদেশ ও পাকিস্তানের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক সখ্যতা এবং দুই দেশের জনগণের দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি সংসদীয় যোগাযোগ, আইন প্রণয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশি প্রতিনিধিদলের নেতা এম নাসের রহমান পারস্পরিক শ্রদ্ধা, গঠনমূলক সংলাপ ও উন্নত যোগাযোগের মাধ্যমে দুই দেশের সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর জোর দেন। তিনি উভয় দেশের জনগণের কল্যাণে যৌথ উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে সংসদীয় সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, ডিজিটাল শাসনব্যবস্থা, নারী ক্ষমতায়ন, শিশু অধিকার ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের আওতায় সহযোগিতার সম্ভাবনাও উঠে আসে।

উভয় পক্ষ নিয়মিত ভার্চুয়াল আলোচনা ও পারস্পরিক সফরের মাধ্যমে সংসদীয় যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে সংসদীয় বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশের প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন এবং আইপিইউ নির্বাহী কমিটির সদস্য জহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান ও নীলুফার চৌধুরী মনি।
পাকিস্তানের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেল মন্ত্রী মুহাম্মদ মুঈন ওয়াত্তু এবং সংসদ সদস্য জাহরা ওয়াদুদ ফাতেমি, শায়েস্তা পারভেজ, রোমিনা খান, দাওয়ার খান কুন্দি, নাঈমা কিশওয়ার খান, ফয়সল আমিন গন্ডাপুর, শের আলী আরবাব, হুমা আখতার চুগতাই, মুসারাত রফিক মাহেসার, তামকিন নিয়াজী ও আওয়াইস হায়দার জাখরসহ অন্যরা।
বৈঠকটি দুই দেশের সংসদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 









