প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উৎপাদনশীলতা ও সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।
তিনি জানান, দেশে বর্তমানে দুই লাখের বেশি বাণিজ্যিক ও প্রান্তিক পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের প্রায় ৪০ শতাংশ নারী। পাশাপাশি প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।
তারেক রহমান বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, গবেষণা, টিকা উৎপাদন ও খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব হলে বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে আরও এগিয়ে যাবে। এ জন্য খামারিদের সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানি বাড়াতে খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান নিশ্চিত করা জরুরি। ইতোমধ্যে বাংলাদেশ বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ ও বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছে এবং উর্বর ডিম রপ্তানিও শুরু করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে রোগবালাইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ সক্ষমতা আরও বাড়াতে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
তিনি উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এসব এলাকার নতুন জেগে ওঠা চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান।
পশুপাখির প্রতি সহানুভূতিশীল আচরণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের নির্যাতন ও কষ্ট দেওয়া বন্ধ করতে হবে। পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতার শিক্ষা দিতে হবে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়। স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন বক্তব্য দেন।
পরে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সপ্তাহ উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। একই সঙ্গে দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 










