ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমান (১৮) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। লাশ উদ্ধারের আট ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজন এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে এক দোকানিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও গলায় পেঁচানো গলাবন্ধনী উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আছকান মিয়া (২৭), আমিন আলী (৪৫), সোহেল মিয়া (৩২) ও আঃ মোসাব্বির (২৮)। তাঁদের সবার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়।
পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর দুপুর ১২টার দিকে পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত হাবিবুর রহমান সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা ও অটোরিকশাচালক। তিনি ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন।
মরদেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অটোরিকশাটি উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আছকান, আমিন ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বড়হাট এলাকার আবিদা স্টোর নামের একটি দোকান থেকে অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে দোকানি আঃ মোসাব্বিরকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৬ নভেম্বর সকাল ১০টার দিকে আছকান সাধারণ যাত্রীর ছদ্মবেশে শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করেন। পরে তাঁকে আমিন আলীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমিন ও আছকান কৌশলে তাঁকে আটক করেন। পরে সোহেলকে ডেকে এনে তিনজন মিলে গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশের দাবি।
হত্যার পর মরদেহ আমিনের ঘরে রাখা হয়। পরে আছকান ও সোহেল অটোরিকশার চারটি ব্যাটারি আবিদা স্টোরের দোকানি মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। ওই টাকা দিয়ে ইয়াবা কিনে তাঁরা আবার আমিনের বাড়িতে গিয়ে মাদক সেবন করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহটি আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে যান তাঁরা। পরে পুলিশ আমিনের বাড়ির কাছ থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করে।
মৌলভীবাজার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও আলামত উদ্ধার করে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 











