বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ছয় দিনের সফরে পাকিস্তান যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল।
আগামী ২৩ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠেয় এ সফরে পাঁচজন সংসদ সদস্য অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস অনুবিভাগের আইপিএ শাখা-২ থেকে গত ১৭ নভেম্বর জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
সফর উপলক্ষে ১৯ নভেম্বর দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হয়েছে। সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, আইনপ্রণেতাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
এর আগে গত ১ নভেম্বর জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ওই বৈঠকে দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধিদল বিনিময় এবং পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশের সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং সংসদীয় কূটনীতির নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে।
নিজস্ব প্রতিবেদক 











