মৌলভীবাজার শহরে ফুটপাত ও সড়কে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি-এর নেতৃত্বে শহরের শমসেরনগর রোড ও চৌমুহনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ফুটপাত দখল করে অবৈধভাবে ফল বিক্রি এবং দোকানের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত ও সড়কে পণ্যসামগ্রী রাখার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় মোট ৬টি মামলায় সর্বমোট ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি, জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করা, দোকানের নির্ধারিত সীমানার মধ্যে পণ্যসামগ্রী রাখা এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে সচেতন করা হয়।
ফুটপাত ও সড়ক জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের উপযোগী রাখা, যানজট ও জনদুর্ভোগ কমানো এবং একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরী গড়ে তোলাই এ ধরনের অভিযানের মূল লক্ষ্য বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এ লক্ষ্যে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 











