রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে সরকারের সম্মতির বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।
মো. শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। তাঁকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের ফলে ব্যাংকগুলোর পরবর্তী নেতৃত্ব ও ব্যবস্থাপনা নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 











