সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে আড়াই দিন বন্ধ রাখার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টায় ওয়েবসাইটটি পুনরায় চালু হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ওয়েবসাইট চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর নিরাপত্তার স্বার্থে গত বৃহস্পতিবার দুপুর থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়। এ সময় ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজের জন্য সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে বার্তা দেখানো হচ্ছিল।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছিলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক। নিরাপত্তা নিশ্চিত করতে ওয়েবসাইট চালু করা হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিক ছিল। ওয়েবসাইট পুনরায় চালুর বিষয়ে তথ্যপ্রযুক্তি বিভাগ কাজ করছিল।
বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরঞ্জাম ব্যবহার করে এসব ত্রুটি শনাক্ত করে। ত্রুটি সমাধানে নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হলেও সেগুলো পুরোপুরি প্রয়োগের আগেই দুর্বলতাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসে।
এর আগেও বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে। ওই ঘটনার পর তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।
এ ছাড়া ২০২৩ সালে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংক তাদের কয়েকটি অভ্যন্তরীণ ওয়েবভিত্তিক সেবা ৩৬ ঘণ্টার জন্য বন্ধ রেখেছিল।
নতুন করে ওয়েবসাইট বন্ধ রাখার ঘটনায় দেশের আর্থিক খাতের সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতার বিষয়টি আবারও সামনে এসেছে।
নিজস্ব প্রতিবেদক 











