ফিফা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার আজারবাইজানের বাকুতে হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ‘জি’ গ্রুপের ম্যাচে ওয়েলসের মুখোমুখি হয় বাংলাদেশ। শারীরিক শক্তিতে এগিয়ে থাকা ওয়েলসের বিপক্ষে প্রশংসনীয় নৈপুণ্য দেখান কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেদের পরবর্তী ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। রোববার ও সোমবার প্রতিদিন দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ বলেন, ‘আজ ওয়েলসের বিপক্ষে আমরা প্রথম ম্যাচটি খেলেছি। ওরা শারীরিকভাবে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। সেটা বিবেচনা করলে আমরা খুব ভালো খেলেছি।’
তিনি আরও বলেন, ‘আজ আমি গোলকিপিংয়ে চেষ্টা করেছি ক্লিন শিট ধরে রাখার। পরের ম্যাচগুলোতেও একই চেষ্টা থাকবে। আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। আমাদের দল ভালো খেলছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরে ১৯১টি দেশের বয়সভিত্তিক দল অংশ নিচ্ছে। প্রচলিত ১১ জনের পরিবর্তে প্রতিটি দলের হয়ে মাঠে খেলতে পারেন আটজন ফুটবলার। ম্যাচগুলো ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। দুই অর্ধে ২০ মিনিট করে মোট ৪০ মিনিট খেলা হয়।
টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। ওয়েলসের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা বাংলাদেশ এখন পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফলের প্রত্যাশা করছে।
নিজস্ব প্রতিবেদক 











