আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে একটি হোটেলে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৬ অক্টোবর) গুয়াহাটির বোরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হোটেলের মালিক ও লিজগ্রহীতার মধ্যে সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, লিজ চুক্তি নিয়ে বিরোধের জের ধরে লিজগ্রহীতা গুলি চালান। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত পিটিআইকে জানান, এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে পাঁচজন মারা গেছেন। আহত অপরজন চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি জব্দ করা হয়েছে।
পুলিশ কমিশনার আরও জানান, নিহত ব্যক্তিরা সবাই হোটেলমালিকের পরিচিত ছিলেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। হামলার আগে ও পরে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: এনডিটিভি, পিটিআই
নিজস্ব প্রতিবেদক 











