আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাক্রম যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃথক প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, পাঠ্যক্রম ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল জানায়, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২ বা ক্ষুধামুক্তি অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে ৫৭তম স্থান লাভ করেছে বিশ্ববিদ্যালয়টি। এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় অবদানের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয় দুটির প্রতিনিধিদল প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং বিশ্ববিদ্যালয় দুটির উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারাররা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 











