২০৩১ সালের মধ্যে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অবদান জিডিপিতে ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনব্যবস্থা ও রপ্তানি কার্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যা এসএমই খাতের বিকাশে বড় বাধা। এসব সমস্যা দূর করতে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
-
তিনি আরও বলেন, সরকার জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক 










