চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনতে বহুমুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা, ঋণ আদায় জোরদার, ব্যাংকগুলোর ওপর নজরদারি বৃদ্ধি এবং আইনি সংস্কারসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহারের মাধ্যমে খেলাপি ঋণ আদায় বাড়ানোর নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশ এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে ঋণ আদায় বাড়ানো এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রয়েছে।
এ ছাড়া বেশি খেলাপি ঋণ রয়েছে এমন ব্যাংকগুলোর ওপর বিশেষ নজরদারি, শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে অর্থ আদায়ের অগ্রগতি পর্যালোচনা এবং ঋণঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুযায়ী সম্ভাব্য ঋণক্ষতি নিরূপণ কাঠামো চালুর প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
পাশাপাশি খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে খেলাপি ঋণ আদায় বাড়বে এবং ব্যাংক খাতে আর্থিক শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।
নিজস্ব প্রতিবেদক 










