বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
বৃহস্পতিবার সচিবালয়ে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বিমানে নাকি অন্য কোনো পথে দেশে ফিরবেন, তা নিয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপও নেওয়া হয়নি।
তথ্যমন্ত্রী বলেন, সরকার আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আগে দেশে ফেরার বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, এরপর পরিস্থিতি অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হবে।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ বিভিন্ন ইস্যুতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনৈতিক অগ্রগতি ও জনগণের উন্নয়নে কাজ করছে।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে পার্থ বলেন, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহারের প্রবণতা রয়েছে। বিচ্ছিন্ন ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়।
তিনি দেশের উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে সরকারের পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক 










