মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটির ২০১তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বড়লেখা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রবিউল আউয়ালের সভাপতিত্বে সভায় আইনগত সহায়তার আবেদন ও আপস-মীমাংসার দরখাস্ত নিষ্পত্তির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া পূর্ববর্তী ২০০তম মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে সেগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
সভায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিগুলোকে আরও সক্রিয় করার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের হতদরিদ্র মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। গ্রাম আদালতে দায়ের করা মামলার বিবাদীদের নোটিশ দেওয়ার সময় মামলার কপি সরবরাহ করতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের পরামর্শ দেওয়া হয়।
জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) লায়লা বানুর সঞ্চালনায় সভায় বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বড়লেখার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, জেলা তথ্য কর্মকর্তা উজ্জল শীল, জেল সুপার মো. তরিকুল ইসলাম, মৌলভীবাজার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান, বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জয়নুল হক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মামুনুর রশিদ এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমেদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 











