আখতার হোসাইন,বড়লেখা উপজেলা প্রতিনিধি:
বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে আলিফ আহমেদ নামে ৫৬ বছরের এক দর্জিকে লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমাম উদ্দিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে বড়লেখা থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামে, রায়পুর দৌলতপুর সড়কের পশ্চিম পাশে আব্দুল মতিনের মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ আহমেদ বড়লেখা উপজেলার আতুয়া গ্রামের বাসিন্দা তাঁর বাবা মৃত ওয়াতির আলী। তিনি সায়পুর রেলক্রসিং-সংলগ্ন এলাকায় একটি টেইলারিং দোকান পরিচালনা করতেন।
পুলিশের বক্তব্য অনুযায়ী, নিহত আলিফ আহমেদের সঙ্গে ৯০ টাকা পাওনা নিয়ে পাশের দোকানদার ইমাম উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমাম উদ্দিন লোহার রড দিয়ে তাঁকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে আলিফ আহমেদের বাম হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয়রা তাঁকে উদ্বার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
খবর পেয়ে বড়লেখা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান খান জানান, এ ঘটনায় অভিযুক্ত ইমাম উদ্দিনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 











