বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার জাপানের টোকিওতে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউনিক্লোর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ও বাংলাদেশের প্রতি প্রতিষ্ঠানটির আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, আধুনিক উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে ইউনিক্লোকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগ অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার বিষয়েও সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে, এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করবে।
বাংলাদেশের পক্ষে বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 











