রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে। অভিযানে ৮৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জন নারী।
ডিবি সূত্র জানায়, বাড়িটিতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো এবং সেখানে মাদকের আসর বসত বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ওই পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণে অভিযান পরিচালনা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদক 











