মৌলভীবাজার শহরের বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মন্ত্রীর এই মণ্ডপ পরিদর্শনকালে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও পূজা উদযাপন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাই যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও তাঁর দল সচেষ্ট রয়েছে। সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে উৎসব উদযাপনে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনিল কুমার দাশ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত ও মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান।

এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 












