মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকায় চারতলা ভবন থেকে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ‘আরজু ভিলা’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভবনটির চারতলা থেকে এক নারী নিচে পড়ে গুরুতর আহত হন। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের দাবি, ঘটনার সময় ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পাশের বাড়ির বাসিন্দারা ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দের কথা ফোনে জানালে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত সেখানে ফিরে আসেন। তবে ঘটনার প্রকৃত পরিস্থিতি ও ওই নারীর মৃত্যুর আগে কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়।
ভবনটির মালিক লন্ডনপ্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়া বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ওই নারী ও এক যুবক অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে সেখানে বসবাস করছিলেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ওই নারীর মৃত্যু আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সঙ্গে থাকা যুবককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 











