রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হওয়া পর্যটকবাহী গাড়িবহর বাধার মুখে পড়ে।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি চলছিল। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৮টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধের মুখে পড়ে।
পরে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের ব্যারিকেড সরিয়ে পর্যটকদের গাড়িবহর এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় অবরোধকারীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় সশস্ত্র তৎপরতা বন্ধের দাবিতে সংগঠন দুটি বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেয়। তাদের অভিযোগ, সাজেকের বিভিন্ন এলাকায় সশস্ত্র সদস্যদের তৎপরতা ও হুমকির কারণে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাঙামাটি জেলা প্রশাসন বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। সেখানে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
অবরোধ ও গোলাগুলির ঘটনায় সাজেকের পর্যটন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 












