মৌলভীবাজার প্রতিনিধি:
“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মৌলভীবাজারের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট চন্দন কুমার পাল ও ডা. সঞ্জীব মীতৈ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম ও সাংবাদিক নুরুল ইসলাম শেফুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সমাজের সব ক্ষেত্রে তাদের সমান অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের গুরুত্বপূর্ণ সহায়ক। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সহায়ক পরিবেশ তৈরি এবং সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সীমাবদ্ধতা নয়, বরং তাঁদের সক্ষমতা ও সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে। তাঁদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
সভায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 











