নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে যাত্রীদের যথাসময়ে অবহিত করা হবে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
যাত্রীদের সুবিধার্থে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। আগামী ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে।
এ ছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সংশ্লিষ্ট রুটগুলোর ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ
০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়া
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত: ০৭:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- 8
ট্যাগ :
জনপ্রিয়













