মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়া (মৌলভীবাজার):
বাংলাদেশের সংবিধান প্রণেতা, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই। গত ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
১৯২৯ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের সঙ্গে যুক্ত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি ষাটের দশকে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
স্বাধীন বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনেও তাঁর অবদান রয়েছে। ১৯৭৩ সালে জাপানে এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রাজনীতি, আইন ও কূটনীতির পাশাপাশি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও তাঁর পরিচিতি ছিল।
ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরীর পুরো নাম আবু তাহের আব্দুল মুন্তাকীম চৌধুরী। তিনি বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী কানিহাটি চৌধুরী পরিবারের সন্তান। শিক্ষাজীবনে তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইএ পাস করেন। পরবর্তী সময়ে শান্তিনিকেতন, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের লিংকনস ইন-এ পড়াশোনা করেন। পরে ব্যারিস্টারি সম্পন্ন করে আইন পেশায় যুক্ত হন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক, আইনজীবী ও বিভিন্ন সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ কর্মময় জীবন বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান প্রণয়ন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নিজস্ব প্রতিবেদক 









