মৌলভীবাজার জেলা পরিষদ জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ক্বারী আইয়ূব আলী খান (রহ.)-এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ অক্টোবর) হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) ঈদগাহ ময়দানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
মরহুম ক্বারী আইয়ূব আলী খান প্রায় ৪০ বছর ধরে মৌলভীবাজার জেলা পরিষদ জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে ইমামতির দায়িত্ব পালন করে মুসল্লিদের কাছে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেন।

বুধবার প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ শ্রীমঙ্গলের ইউসুফপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাঁদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক 












