পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ৩য় বৈঠকে প্রবাসীদের সুরক্ষা ও কনস্যুলার সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ
ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের কার্যক্রম ও জনবল, বাংলাদেশ–সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, কর্মসংস্থান, রেমিট্যান্স, শ্রমবাজারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণসেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনার বিষয়ে কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত তথ্য জানতে চায়। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
এ ছাড়া সৌদি আরবে বাংলাদেশ মিশনসমূহের সেবার মানোন্নয়নে মন্ত্রণালয়ের আধুনিকায়ন পরিকল্পনা উপস্থাপন এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে ১৫৩তম আইপিইউ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের ভূমিকা এবং আইপিইউ নির্বাহী কমিটিতে কমিটির সভাপতির সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সহযোগিতার জন্যও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 











