মৌলভীবাজার সদর উপজেলার চান্দপুর গ্রাম থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে একজনকে পিকআপসহ আটক করে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া গরু দুটি উদ্ধার এবং আরও তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তহরি গ্রামের মনোরঞ্জন নমশুদ্রের ছেলে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকার (২৪), ধীরেশ সূত্রধরের ছেলে দীপন সূত্রধর (২০), মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে এলেমান মিয়া (৩৮) এবং একই গ্রামের নারায়ণ নমশুদ্র প্রকাশ নারাইয়ের ছেলে স্বপন নমশুদ্র (২৩)।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বেলা দেড়টার দিকে সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের বাসিন্দা জরিফ উদ্দিন তাঁর বাড়ির পূর্ব পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়া-সংলগ্ন একটি খালি জায়গায় গরু দুটি ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। পরে বেলা সোয়া ২টার দিকে সেখানে গিয়ে গরু দুটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তিনি পুলিশকে বিষয়টি জানান।
গরু উদ্ধারে পুলিশ ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সড়ক এবং লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। লামুয়া বাজারের একটি ক্যামেরার ফুটেজে হলুদ রঙের পিকআপে গরু দুটি নিয়ে যেতে দেখা যায়। ওই ফুটেজের সূত্র ধরে পিকআপটি শনাক্ত করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে মঙ্গলবার ভোরে রাজনগরের অন্তহরি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকারকে পিকআপসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিনজনকে আটক এবং চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ
০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়া
মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত: ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- 36
ট্যাগ :
জনপ্রিয়













