জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুমের ১৬তম ম্যাচে রংপুর ও বরিশাল বিভাগের মধ্যকার লড়াই ড্র হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে রংপুরের মিম মোসাদ্দেক ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন।
ম্যাচে প্রথম ইনিংসে রংপুর ৪০২ রান সংগ্রহ করে। জবাবে বরিশাল ৯ উইকেটে ৪৪৩ রান করে ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে মিম মোসাদ্দেক ১২১ এবং নবীন ইসলাম ১০৪ রান করেন। তাঁদের সেঞ্চুরিতে রংপুর ৫ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করলে ম্যাচটি ড্র হয়।
ম্যাচ বাঁচানো শতরানের ইনিংসের স্বীকৃতি হিসেবে মিম মোসাদ্দেকের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর মনোয়ার আহমেদ রহমান। ম্যাচ ড্র হওয়ায় দুই দলকে যৌথভাবে পুরস্কৃত করা হয়।
নিজস্ব প্রতিবেদক 












