রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এ মেলায় বাংলাদেশসহ ১৬টি দেশের পর্যটন খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য—‘এআই-পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব ও আজারবাইজান মেলায় অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নুরুন নাহার চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে বাংলাদেশের পর্যটন খাত নতুন যুগে প্রবেশ করছে। আন্তর্জাতিক পর্যটন বাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে সরকার, বেসরকারি খাত ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আয়োজকদের তথ্যমতে, মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল, ২২০টির বেশি প্রদর্শক এবং ২৫০ জনের বেশি সম্ভাব্য ক্রেতা অংশ নিচ্ছেন। তিন দিনে ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, এ মেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ তুলে ধরা এবং দেশি-বিদেশি পর্যটন ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হবে।
মেলায় ট্যুর অপারেটর, বিমান সংস্থা, হোটেল ও ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 











