আসমা মতিন
যুক্তরাজ্য প্রবাসী ‘সে ফাউন্ডেশন’-এর ট্রাস্টি ও সদস্যদের অর্থায়নে সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি ২০২৬ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার ৬৮ নম্বর শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
শিক্ষা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত সংগঠন ‘সে ফাউন্ডেশন’ এ বৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উদ্যোগে এ পর্যন্ত ২ হাজার ৮১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও সনদ দেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা আলাউদ্দিন আহমদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে পরিচালনা করেন সংগঠনটির উপপরিচালক (অর্থ) ইয়ামিন আহমদ আদিল।
অনুষ্ঠানে বক্তব্য দেন শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও সমাজকর্মী আবুল কাশেম, ৭৭ নম্বর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সোহেল আহমদ খান টুনু, সে ফাউন্ডেশনের সদস্য আবিরুজ্জামান খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান কামালী এবং মীরপুর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল অদুদসহ অন্যরা।
বক্তারা বলেন, প্রায় ২০ বছর আগে সে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান এ বৃত্তি কার্যক্রম চালু করেন। সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারের আর্থিক অনুদানে প্রতিবছর এ বৃত্তি দেওয়া হচ্ছে।
তাঁরা আরও বলেন, এ ধরনের মেধাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষা শিক্ষাজীবনের ভিত্তি হওয়ায় এ স্তরে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা অত্যন্ত জরুরি।
বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখার জন্য বক্তারা সে ফাউন্ডেশনের ট্রাস্টি, উপদেষ্টা, পরিচালক, সদস্য ও আয়োজকদের ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক 
















