মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা এলাকায় চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাদিক মিয়া নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে নারাইনপাশা এলাকার চায়ের দোকানদার দুরুদ মিয়া ছাদিক মিয়ার কাছে পাওনা ১ হাজার ২৬৩ টাকা চান। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ছাদিক মিয়া সেখান থেকে চলে যান। পরে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে দুরুদ মিয়ার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হন দুরুদ মিয়া। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুল হক জানান, দীর্ঘ শুনানি শেষে ছাদিক মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৬৮(১) ধারার বিধান অনুযায়ী তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. বিল্লাল হোসেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আসামি ও তাঁদের স্বজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
নিজস্ব প্রতিবেদক 












