আসমা মতিন, লন্ডন:
যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটি কাউন্সিলের ১০০তম লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রীতিবৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র পার্লারে আনন্দঘন পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লর্ড মেয়র আব্দুল কাদির উপস্থিত সাংবাদিকদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং আপ্যায়ন করেন। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।
মতবিনিময় সভায় বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, ইউকে বাংলা গার্ডিয়ানের সহযোগী সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, ব্রিজবাংলা২৪-এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খান, সংগঠনের ট্রেজারার ও জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, সহসাধারণ সম্পাদক আসমা মতিন, সহসাধারণ সম্পাদক ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, আইওন টিভির চিফ রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং বাংলা সংলাপের রিপোর্টার ও সংগঠনের ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি ইমরান তালুকদার প্রমুখ।
বক্তব্যে লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির বলেন, পোর্টসমাউথ সিটি কাউন্সিল শহরের স্থানীয় শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ। তিনি পোর্টসমাউথের ১০০তম লর্ড মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে বলেন, শহরের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানবোধ বাড়ানোই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও উন্নয়নের ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ ব্রিটেন গড়ে তুলতে চাই। শিল্প, সংস্কৃতি ও বাণিজ্যে অগ্রগামী এবং মাদকমুক্ত আধুনিক পোর্টসমাউথ নির্মাণে কাজ করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।”
নিজের দায়িত্ব ও কমিউনিটির সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে লর্ড মেয়র বলেন, লর্ড মেয়রের দায়িত্ব পেলেও তিনি সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাননি। তিনি মাটির কাছাকাছি থাকতে এবং কমিউনিটির মানুষের পাশে থেকে কাজ করতে চান।
নিজের শিকড়, মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে তিনি ভুলে যাননি। পোর্টসমাউথে বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়ানোর পাশাপাশি অন্যান্য ভাষাভাষী মানুষের কাছেও বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতিকে পরিচিত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, উন্নত ও সম্প্রীতিময় পোর্টসমাউথ এবং আলোকিত ব্রিটেন গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভা শেষে লর্ড মেয়র ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পোর্টসমাউথ সিটি কাউন্সিলের টাউন হল ঘুরিয়ে দেখান এবং সেখানকার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এ সময় পোর্টসমাউথ সিটি কাউন্সিলের পক্ষ থেকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে টাউন হলের স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত সদস্যদের প্রত্যেককে একটি করে স্মারক পিন উপহার দেওয়া হয়। অন্যদিকে, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে লর্ড মেয়র আব্দুল কাদিরকে সম্মাননা ক্রেস্ট ও ভালোবাসার স্মারক হিসেবে একটি মগ উপহার দেওয়া হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতিবৈঠকে সাংবাদিকতা, কমিউনিটির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 
















